প্রিন্টের তারিখঃ Feb 3, 2026
প্রকাশের তারিখঃ Dec 23, 2025
রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয়া গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা সোহরাব আলীর ছেলে এবং যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। ২৩ তারিখ মঙ্গলবার বিকেলে যাদুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ। রৌমারী থানা পুলিশ জানায়, মামুন মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতিও চলছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।