রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আসন্ন বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আলম খান হিরোর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে বন্দবেড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের সদস্য আবুল হাশেম এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য নাসির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আলম খান হিরো। এসময় আরও উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজামাল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন বিএনপির সদস্য আকবর খান, শবুর মাস্টার, খলিলুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুর আলম খান হিরো বলেন, “বন্দবেড় ইউনিয়নের জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করা হবে। পাশাপাশি ইউনিয়নের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।” অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।