প্রিন্টের তারিখঃ Mar 23, 2026
প্রকাশের তারিখঃ Mar 16, 2026
রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ ১ কুখ্যাত মাদক সম্রাট আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ) রাত ১টা ৫০ মিনিটে রৌমারী থানা পুলিশের এসআই (নিরস্ত্র) আল হাসিব আরমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নের উত্তর ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় কুটিরচর খানপাড়া গ্রামের বাসিন্দা ছবির খানের ছেলে আসাদুল ইসলাম (৩০) কে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৮/৩৮, তারিখ ১৬ মার্চ ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।